Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts

Friday, 4 June 2021

ভূত- Ghost

 

ঝন ঝন করে
ভেঙে পড়ল জানালার কাঁচ।
নিকষ কালো অন্ধকারে
একবার জোরে চিৎকার করলাম,
'কে?'
সঙ্গে সঙ্গে কেউ যেন বললো,
'কে'?
ঘুম জড়ানো চোখে
খাটে দাঁড়িয়ে শুনি 'হিস', 'হিস' শব্দ!
'মড়', 'মড়' করে খাটটা নড়ে উঠতেই
আবার জোরে চিৎকার করলাম,
'কে'?
সঙ্গে সঙ্গে আবার কেউ যেন বললো,
'কে'?
জানালার দিকে তাকিয়ে দেখি
ভিতর-বাহির একাকার-
এক পৃথিবী অন্ধকার।
বাইরের হিজল গাছের তলায়
তখন 'ঝুপ', 'ঝুপ' শব্দ!
এতক্ষণে চাঁদটা হামাগুড়ি দিয়ে
উঠেছে বাঁশঝাড়ের মাথায়।
হঠাৎ 'সোঁ' 'সোঁ' করে বয়ে গেল দমকা হাওয়া।
'খটাস' শব্দে দরজা খুলে যেতেই
তাকিয়ে দেখি,
ভিতর-বাহির একাকার-
এক দীর্ঘ ছায়ার আকার!
ততক্ষণে ছুটতে শুরু করেছি...
ছুটছি আর ছুটছি!
পিছন ফিরে দেখে আমার ক্লান্ত কায়া,
ছুটে চলেছে সাথে সাথে এক দীর্ঘ ছায়া!
রাত যত গড়ায়,
ছায়াও তত দীর্ঘ হয়!
✍️
রূপেশ সামন্ত

Saturday, 1 September 2018

Bengali poetry- 'That Woman' / সেই নারী


-----সেই নারী-----
@রূপেশ সামন্ত/
 
আদিম হতে আজ
থমকেছি বাঁকে বার বার
মাড়িয়েছি কত সভ্যতার লাশ!
বিঁধেছি পাষান বুকে
জীর্ণ নারীর দীর্ণ হাহাকার
অনুভবি শুধু অব্যক্ত ইতিহাস!

নিভৃত রাতে
প্রিয়ার চোখে জল
প্রিয় কবেই ছিঁড়েছে নাড়ীর টান!
সেই নারীই
ধরে আছে হাল
গর্ভে ভরা যত্নে আগামীর প্রাণ!

মিছিল সম্মুখে
বুকে ভরা রক্তগুলি
রাখে নিশান উড্ডীন মাতঙ্গিনি!
বুভুক্ষু শিশু
কাঁদে মায়ের মৃতদেহে
বুকের দুধ তুলে দেয় হেমাঙ্গিনি!

ধর্ষণ দেহ
স্পর্শ্বে মনের গহীনে
স্ফুলিঙ্গ জাগায় দাবানল বিরুদ্ধতার!
যতই পরুক
সভ্যতা চুড়ি সালোয়ার
নারীর হাতেই একদিন মুক্তির হাতিয়ার!
@রূপেশ সামন্ত/ ২৯.০৮.১৮

Wednesday, 22 August 2018

Poetry- -লাস্ট বেঞ্চের বিট্টু-

-----লাস্ট বেঞ্চের বিট্টু-----
@ রূপেশ সামন্ত

ফাস্ট বেঞ্চের সুমন দিল
অভিযোগের লম্বা খাতা,
লাস্ট বেঞ্চের বিট্টু বোকার
জুটল ভাগ্যে বেদম চাঁটা।

ফার্স্ট বেঞ্চের অনীক ছায়া
খেলার শেষে মঞ্চ কাঁপায়,
চট গোটানোয় বিট্টু আছে
ট্র্যাক কেটেছে ভোর বেলায়।
স্যারের জন্য ডাবল প্যাকেট
বিট্টুই আনে ফার্স্ট,
সেই ছেলেটা পায়না খেতে
অনুষ্ঠানের লাস্ট।
রাত্রিবেলা মেঘার টিউশন
বিট্টুর সাথেই নিরাপদ,
নারী চক্রের বিরোধীতায়
বিট্টু পোহায় যত বিপদ।
ফার্স্ট বেঞ্চের বিলু কাটায়
হিমাচলে পূজোর ছুটি,
লক্ষ্মী মান্ডির পূজো মেলায়
বিট্টু পুঁতে প্যাণ্ডেল খুঁটি।
ফার্স্ট বেঞ্চের মধু একদিন
হাইকোর্টের ব্যারিস্টার,
বিট্টু সারে গ্রাম-কাছারি
ঝগড়াঝাটি বাগদি পাড়ার।
প্রতিবেশীর বেজায় বিপদ
বিট্টু ধরে ভরসা ছাতা,
স্যারের উপর ইঁট বৃষ্টি
বিট্টুই পাতে খালি মাথা।
@ রূপেশ সামন্ত ১৮/০৮/২০১৮

বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি?

বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি? ✍️ রূপেশ কুমার সামন্ত  বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে সাম্প্রতিক কালে ভা...